বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডে দেশের প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর, যা সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করবেন।
উপ-প্রেস সচিব আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখবেন। পাশাপাশি তিনি সেখানে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সামরিক কার্যক্রম পরিদর্শন করবেন এবং দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ও বিশেষ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ ‘স্বর্ণদ্বীপ’-এ প্রথমবারের মতো এই পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের নির্ধারিত কর্মসূচি ও যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।