হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এই কঠোর শাস্তি ইরানে হিজাব আইন পুনরায় কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ শাস্তি কার্যকর করা হয়।
আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। বেত্রাঘাতের পাশাপাশি তাদের ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। কনসার্টে তার পরনে ছিল হাতাকাটা পোশাক এবং সেখানে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ইতোমধ্যে ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি। ওই কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যেই তিনি মুক্তি পান। পরে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে ২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে। ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে বলেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না।
তবে গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। এর আগেও একই অভিযোগে ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহি এবং ২০২৪ সালে সংগীতশিল্পী জারা ইসমাইলিকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।
সূত্র: বিবিসি, ইরান ইন্টারন্যাশনাল, এএফপি ও ইরানওয়্যার