ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তাকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এবার দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। এই রায়ের পরপরই মিয়ানমারের সামরিক জান্তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার।


২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। ওই অভিযানের সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং অসংখ্য নারী ও কিশোরীকে ধর্ষণের মতো ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের চিত্র উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে।


আইসিজের এই যুগান্তকারী রায়কে স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ বিশ্বের আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ বিষয়ে বলেন, ‘গণহত্যার মতো এমন গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে স্পষ্ট পদক্ষেপের সমন্বয় ঘটাতে হবে।’


যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন—মায়ো হুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।


পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড উল্লেখ করেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের গণহত্যার সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। তিনি আরও বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের সুষ্ঠু তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে।


মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। এর আগে গত সপ্তাহে আইসিজের রায়ের পরপরই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।


সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দেওয়া রায়ে বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হওয়া যায়’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করেন। রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার বরাবরের মতো তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।


মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে। গণহত্যার সময় মিয়ানমারের নেত্রী অং সান সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এদিকে ব্রিটিশ সংসদ সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে আরাকান আর্মির পক্ষ থেকেও বিমান হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি।


এ সম্পর্কিত আরো খবর