বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যেই চরম উসকানিমূলক ও আক্রমণাত্মক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার সরাসরি হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী। তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন ও বিতর্কিত বক্তব্য দুই দেশের সীমান্ত ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে চলমান ব্যাপক আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী। সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি ঢাকা প্রশাসনের কাছে প্রয়োজনীয় বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে অত্যন্ত কঠোর ও স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তাঁকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, শেখ হাসিনার রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফেরার দাবিকে ‘নিছক পাগলামি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। এর আগে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁর দেশে ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ভারতের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
উল্লেখ্য, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর নৃশংস দমন-পীড়নের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি বছরের আগস্টে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা প্রথম জানান শেখ হাসিনা। পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারেও এ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ মাসের শুরুতে যুক্তরাজ্যে তাঁর আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবরও প্রকাশিত হয়। অন্যদিকে, ঢাকা এরই মধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং নয়াদিল্লি জানিয়েছে যে তারা বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছে।
সূত্র: রয়টার্স