আহসান সাকিব হাসান / : 136
মিরপুরের কালশীতে ন্যায়বিচার, সততা, সত্যবাদিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে "আমার অধিকার, আমার দায়িত্ব” নামে একটি দীর্ঘমেয়াদী সচেতনতামূলক নাগরিক শিক্ষা ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে (মঙ্গলবার) দুপুরে ও বিকেলে দুটি সেশনে ‘সিটিজেন লার্নিং সেন্টার’-এ আয়োজিত এই কর্মশালার উদ্যোক্তা ছিল জাগ্রত নাগরিক ফাউন্ডেশন, বাস্তবায়নে জাগ্রত জনতা এবং সহযোগিতায় ছিল সিটিজেন ফাউন্ডেশন।
কর্মশালায় নাগরিকদের অধিকার, দায়িত্ব ও রাষ্ট্রীয় সেবা ব্যবস্থায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে নাগরিক হিসাবে কি কি করনীয়, সামাজিক ও আইনী সুরক্ষা ও সামাজিক প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান ড. শেখ আব্দুল হামিদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান ইমন এবং রিজওয়ানা কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জানাফ-এর উপদেষ্টা সদস্য মো. নাইমুর রহমান।
সার্বিক সমন্বয় করেন জানাফ-এর কোষাধ্যক্ষ রোকুনুজ্জামান নাঈম ও সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান। স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত ছিলেন আরিফা সুলতানা ও মেহেরাজ হোসেন মিলন। কর্মশালায় সরাসরি প্রশিক্ষণ নেন ৪৫ জন, যাদের মাধ্যমে পরোক্ষভাবে উপকার পাবেন আরও প্রায় ২০০ জন নাগরিক। আয়োজকরা জানান, এই সচেতনতামূলক উদ্যোগ চলমান থাকবে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি জেলাতে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহুরে সবার জন্য এই কার্যক্রম পোঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সমমনা সংগঠনকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে সুনাগরিক গড়ে তোলার প্রচেষ্টা অব্যহত থাকবে।
কর্মশালার সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। অংশগ্রহণকারিরা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রশ্ন করেন। এবং সবশেষে নিজের সন্তানের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন বলে সবাই শপথ গ্রহণ করেন।
আকাশজমিন/আরআর