মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি এবং নৈতিক মান বজায় রেখে গণমাধ্যম পরিচালনায় উৎসাহিত করতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন নিয়ন্ত্রণ প্রয়োজন। কোনো গণমাধ্যম যদি বারবার বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তবে তাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে, তারা আর বিশ্বাসযোগ্য নয়। ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনটিতে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই প্রতিবেদনটি দেখাবে কী কাজ করছে, কী কাজ করছে না এবং এতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ থাকবে। কর্মকর্তা, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজন হবে যাতে তারা এই মানদণ্ড অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।
ইউনেস্কোর
সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ বলেন, প্রতিবেদনটিতে সাংবাদিকদের কাজের পরিবেশ, যা এখন একটি
বৈশ্বিক উদ্বেগের বিষয় এবং নারী
সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও সুপারিশ থাকবে। সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষয়গুলোতে বিরাট
প্রভাব ফেলতে পারে।
আকাশজমিন/আরআর