প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও বৈষম্য হ্রাসে ‘প্রতিবন্ধী অধিকার অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং প্ল্যাটফরম’ নামে নতুন একটি প্ল্যাটফরমের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রতিবন্ধীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনগত সুরক্ষা ও সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে আছে। তাদের উন্নয়ন তরান্বিত করতে এই প্ল্যাটফরম কাজ করবে। সোমবার (২৫ আগস্ট) রাজধানী বিলিয়া মিলনায়তনে গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিএসএস’র নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না।
প্ল্যাটফরমের ধারণাপত্র ও কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন জিবিএসএস’র হেড অব প্রোগ্রাম মেহেদী হাসান কিংশুক। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থা, মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা এ উদ্যোগকে সময়োপযোগী ও টেকসই সামাজিক পরিবর্তনে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এ ধরনের যৌথ উদ্যোগ অপরিহার্য। আমরা এ প্ল্যাটফরমকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাই নয়, বরং তাদের ও তাদের পরিবারের সদস্যদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সে বিষয়ে সমাজসেবা অধিদপ্তর কাজ করবে।
সুইড
বাংলাদেশের সেক্রেটারি মো. মাহবুবুল মুনির
বলেন, ‘সুইড বাংলাদেশ প্রতিবন্ধী
ব্যাক্তিদের উন্নয়নে দীর্ঘ ৩০ বছর বাংলাদেশে
কাজ করছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকতর উন্নয়নের জন্য এই প্ল্যাটফরমের
সঙ্গে কাজ করতে চায়।
সকলের সমন্বিত প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
হবে বলে আশা করি।’
নড়িয়া
উন্নয়ন সংস্থা (নউসা) সভাপতি মাজেদা শওকত বলেন, ‘প্রতিবন্ধী
নারীরা দ্বিগুণ বৈষম্যের শিকার হন। এই বৈষম্য
নিরসনে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয়ের সুযোগ
বাড়াতে হবে। তাছাড়া টেকসই
উন্নয়ন সম্ভব নয়।’ এই বিষয়টি
নীতি-নির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন প্ল্যাটফরম কাজ
করবে বলে আশা প্রকাশ
করেন তিনি। বার্ডো’র নির্বাহী পরিচালক
সায়েদুল হক চুন্নু বলেন,
‘প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের
মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনমান পরিবর্তন সম্ভব। প্ল্যাটফরমে যৌথ উদ্যোগ সে
পথকে সুগম করবে।’
উন্নয়ন কর্মী নিগার সুলতানা বলেন, ‘গ্রামীণ অঞ্চলে প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই প্ল্যাটফরমের কার্যক্রম তাদের উন্নয়নের আলো পৌঁছে দেবে।’ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে প্রতিবন্ধীদের অধিকতর সুযোগ সৃষ্টি করতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ক্যাসিড’র নির্বাহী পরিচালক জায়েদুল ইসলাম বলেন, ‘সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নেটওয়ার্ক শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা সকলে মিলে বৈষম্য দূর করতে চাই।’
পরিবেশ ও মানবাধিকার কর্মী ফেরদৌস আহমেদ উজ্জ্বল বলেন, ‘প্রতিবন্ধীদের মানবাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এই নেটওয়ার্ক সেই দায়িত্ব পালন করবে।’ সভাপতির বক্তব্যে মাসুদা ফারুক রত্না প্রতিবন্ধী ব্যক্তিদের সুস্থভাবে বাঁচতে ও তাদের ক্ষমতায়নের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জিবিএসএস বাস্তবায়িত সিপিডিআরআই প্রকল্পের সহায়তায় মোহাম্মদপুর ও মানিকনগর এলাকার স্বনির্ভর নারী দলের প্রতিবন্ধী ২০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
আকাশজমিন/আরআর