প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গুমের সঙ্গে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এই অধ্যাদেশ করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, নতুন আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনের এ খসড়া আজ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১৭ অক্টোবর তারিখে লালন সাঁই-এর তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগে কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীগুলো ‘ক’ শ্রেণিভুক্ত দিবস ছিল। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশজমিন/আরআর