স্টাফ রিপোর্টার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আরও ১৩টি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে—ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী, নৌ বাহিনী এবং বিমানবন্দরের ফায়ার ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ বলেন, “ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী ও নৌ বাহিনীর ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে।” তিনি আরও বলেন, “সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। এখন পর্যন্ত ২০টি ইউনিট কাজ করছে, আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।” আগুনের ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব টিমও সমন্বিতভাবে কাজ করছে যাতে আগুন কার্গোর ভেতরের অন্য অংশে ছড়িয়ে না পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
শনিবার বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং বিমানবন্দরের নিয়মিত কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
আকাশজমিন / আরআর