ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোটের মাঠে আট দিন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী


নির্বাচন কমিশনকে (ইসি) এবার ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী

  • আপলোড সময় : সোমবার ২০ অক্টোবর, ২০২৫ সময় : ৩:৪৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী এবার ভোটের আগে ও পরে মোট আট দিন মাঠে রাখার প্রস্তাব দিয়েছে। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক চলে।

ইসি সচিব জানান, প্রাথমিকভাবে পাঁচ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। তবে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা ভোটের আগে ও পরে মিলিয়ে আট দিন বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগ প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনীগুলো। সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় আছে। নিরাপত্তা পরিকল্পনার অনেক বিষয় বাজেটের ওপর নির্ভর করবে, তাই বাজেট বরাদ্দের পর বিস্তারিত জানানো হবে। বৈঠক থেকে কোনো বিশেষ নির্দেশনাও দেওয়া হয়নি।

এছাড়া নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার রোধে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিব জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার রোধে সতর্কতা জারি থাকবে। নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

আখতার আহমেদ আরও জানান, সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মাঠে থাকবে। সবচেয়ে বেশি সদস্য থাকবে আনসার বাহিনীর, যাদের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি। প্রতিটি বাহিনী নিজেদের প্রয়োজন অনুযায়ী জনবল মোতায়েন করবে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী "ইন এইড টু সিভিল পাওয়ার" আইনের অধীনে নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ পাবে, তা এখনো নির্ধারিত হয়নি। আরপিও সংশোধন সম্পন্ন হলে বিষয়টি স্পষ্ট হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনেও আট দিনের জন্য সশস্ত্র বাহিনী মাঠে ছিল, আর একাদশ নির্বাচনে ছিল দশ দিন।

আকাশ জমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর