অনলাইন ডেস্ক
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
এ সময়ে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন ও সিলেট বিভাগে ৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭১ হাজার ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।
গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মারা যান এক হাজার ৭০৫ জন।
বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুর দিকেও ডেঙ্গুর প্রকোপ উচ্চমাত্রায় থাকায় উদ্বেগ বাড়ছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, স্থির পানির উৎস ধ্বংস এবং নিয়মিত সচেতনতা কার্যক্রমই এ সংক্রমণ রোধের একমাত্র কার্যকর উপায় বলে তারা মনে করেন।
আকাশজমিন / আরআর