রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা হঠাৎ একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ধরে যাওয়া মোটরসাইকেলটি মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা এসময় দূর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করে এবং পুলিশকে খবর দেন।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভাতে সহায়তা করে। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, “সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে মধুবাগ ব্রিজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে কেউ আহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ বলছে, ঘটনাটি নাশকতার অংশ কিনা বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ঘটানো হয়েছে কিনা— তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর যান চলাচলেও কিছু সময়ের জন্য সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় স্বাভাবিক হয়। পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।