ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পাঁচ ব্যাংক একীভূতকরণে হাইকোর্টে রিট


পাঁচ ব্যাংক একীভূতকরণে হাইকোর্টে রিট

  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৩:২৩ পিএম

সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) শহিদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। রিট আবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক— একীভূত করার প্রস্তাব অনুমোদন করে। সিদ্ধান্ত অনুযায়ী এই ৫ ব্যাংককে নিয়ে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে।

নতুন ব্যাংকের জন্য ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’ নাম দুটি প্রস্তাব করা হয়েছে। এই ব্যাংকটি পেশাদারিত্বের ভিত্তিতে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

সরকার জানিয়েছে, ব্যাংকগুলো একীভূত করার ফলে কোনো কর্মকর্তা বা কর্মচারী চাকরি হারাবেন না। একইসঙ্গে আমানতকারীদের আমানতও নিরাপদ থাকবে। এ বিষয়ে গ্রাহকদের যেন কোনো আতঙ্ক তৈরি না হয়, সে লক্ষ্যেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সচেতনভাবে কাজ করছে।

নতুন ব্যাংকের প্রাথমিক কাঠামো অনুযায়ী অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের সব দায় ও সম্পদ গ্রহণ করে নতুন ব্যাংকটি কার্যক্রম শুরু করবে। পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা দেওয়া হবে নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে। সুকুক হলো শরিয়াহসম্মত বন্ড, যা সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি আরবি শব্দ, যার অর্থ আইনি দলিল বা চুক্তিপত্র।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় আমানতকারী ও অন্যান্য পাওনাদারের ঋণের একটি অংশ বাতিল হয়ে শেয়ারে রূপান্তরিত হয়। রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী পরবর্তী সময়ে এ অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া হবে।

নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন হিসেবে পরিচালিত হবে। তবে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকটি সরকারি খাতে যাওয়ায় গ্রাহকদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা কমবে। একইসঙ্গে ক্ষুদ্র আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

রিট আবেদনের বিষয়ে জানা গেছে, পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত বিনিয়োগকারী ও আমানতকারীদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে— এমন আশঙ্কা থেকেই এই রিট করা হয়েছে। হাইকোর্ট শিগগিরই এ বিষয়ে শুনানির তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর