রাজধানীর আফতাবনগর এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশ জানায়, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে বিএম মুশফিকুজ্জামান (২০) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিকুজ্জামান ওইদিন সকাল থেকে ক্লাসে উপস্থিত ছিলেন। বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের ফাঁকে তার মরদেহ দেখতে পায় কেউ কেউ। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়া হয় এবং পুলিশ মর্গে মরদেহ পাঠায়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমাদের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে শিক্ষার্থীটি ছাদ থেকে লাফিয়ে পড়ে।”
তিনি আরও জানান, “এখন পর্যন্ত বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।” ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই দুঃখজনক ঘটনায় শিক্ষার্থী সমাজ ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আকাশজমিন / আরআর