ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ছয় দফা দাবিতে ফের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা


  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবির পক্ষে ফের কর্মবিরতির ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।

সোমবার আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা কর্মসূচির ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।

নেতারা বলেন, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করে আসছেন। কর্তৃপক্ষ একাধিকবার দাবি যৌক্তিক বলে আশ্বাস দিলেও মোট পাঁচবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নেতাদের দাবি, দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়ায় ১ অক্টোবর থেকে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচি বন্ধ রেখে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসেন। আলোচনার ভিত্তিতে এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করে তারা মাঠে নেমে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা দেওয়ার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন।

তবে নেতারা অভিযোগ করেন, দাবি বাস্তবায়নের আশ্বাস পূরণ না করে উল্টো চাঁদপুরের দুই স্বাস্থ্য সহকারী—আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম এবং শাহজালালকে কুমিল্লায় বদলি করা হয়েছে। টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় এ বদলি করা হয়েছে বলেও দাবি সংগঠনের।

তারা বলেন, “দাবি তুললেই একেক অজুহাতে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। এবার সবাই অনড়। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই—আমরা বাস্তবায়ন চাই।” নেতারা আরও জানান, দুই সহকর্মীর বদলি প্রত্যাহার এবং ছয় দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি হলো—
১) নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড ও ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
২) পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৩) স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।
৪) বেতন স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা।
৫) ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
৬) দায়িত্বের বিস্তৃতি অনুযায়ী নীতি সহায়তা ও পদমর্যাদায় সমন্বয় করা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেতারা আশা প্রকাশ করেন, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করলে স্বাস্থ্য সেবা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর