অনলাইন রিপোর্টার
ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের এই বেগ তাপমাত্রা কিছুটা কমার পক্ষে সহায়ক হবে। একইসঙ্গে সকাল ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৬ ডিগ্রিতে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। দিনমান আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে উল্লেখ করা হয়। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।
এর আগে সোমবার প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসেও বলা হয়েছিল, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাত–দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শীতের আগমনকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে ভোরের দিকে কুয়াশা পড়ছে বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়াই স্বাভাবিক। বড় কোনো শৈত্যপ্রবাহ না এলেও এই সময়টা দেশের অধিকাংশ স্থানে শীত অনুভূত হয়।
ঢাকার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা কমার পাশাপাশি সকাল–সন্ধ্যা কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কার কথাও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।
অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগর এলাকায় কোনো সক্রিয় লঘুচাপ না থাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে রাজধানীসহ সারা দেশে কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
আকাশজমিন / আরআর