বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর আবারও ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
জানা গেছে, রদবদল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগকেই বিশেষ শাখা (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব সংস্থার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের সময় মাঠপর্যায়ে পুলিশের পাশাপাশি এসব বিশেষায়িত সংস্থার কর্মকাণ্ড নির্বাচন নিরাপত্তা ও তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের মধ্যে থেকে এ তালিকা তৈরি করা হয়েছে।
এর আগে ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নতুন উদ্যোগ হিসেবে দেখা হয়। এবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের রদবদলে সেই ধারাবাহিকতার প্রতিফলন রয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রদবদল হওয়া কর্মকর্তারা দ্রুতই নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর