ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবহিত ছিল না এবং হঠাৎ করে বাজারে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম কোনো ঘোষণা ছাড়াই ৯ টাকা প্রতি লিটার বাড়ানোয় বাজারে চাপে পড়েছে সাধারণ ক্রেতারা। আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো হঠাৎ করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বলে অভিযোগ উঠেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার আধা ঘণ্টা আগে বিষয়টি জানতে পারে। তিনি বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামগ্রিকভাবে একত্রিত হয়ে মূল্য বাড়ানো প্রতিযোগিতা আইনেও অনুমোদিত নয়।’ তিনি আরও বলেন, কোম্পানিগুলো যে পদ্ধতিতে দাম বাড়িয়েছে তা বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষার নীতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত।
তেলের বাজারে এমন অস্থিরতা তৈরি হওয়ার পর প্রশ্ন ওঠে—এখন সরকার কী পদক্ষেপ নেবে? এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। এটার কোনো আইনগত ভিত্তি নেই। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত লাভের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে। একই সঙ্গে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে প্রশাসনিক উদ্যোগও নেওয়া হবে।
আকাশজমিন / আরআর