অনলাইন রিপোর্টার
দেশের বাজারে নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই নোট প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ছাড়া হবে। পরে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও বাজারে দেওয়া হবে। নতুন নোটের নকশা, রং, নিরাপত্তা বৈশিষ্ট্যসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা বর্তমান প্রচলিত নোটের তুলনায় আরও উন্নত ও সুরক্ষিত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা নেই। নতুন নোটের সম্মুখভাগে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত শাপলার নকশা। পেছনভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। এই নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর যুক্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটটির আকার রাখা হয়েছে ১৫২ মিমি x ৬৫ মিমি, এবং নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যে যুক্ত করা হয়েছে মোট ১০টি উন্নত প্রযুক্তি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রং পরিবর্তনশীল নিরাপত্তা কালি, যা নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় ‘500’ সংখ্যার ওপর ব্যবহৃত হয়েছে। নোটটি নাড়াচাড়া করলে এই অংশের রং সবুজ থেকে নীল রঙে রূপ নেয় এবং ভেতরে মুদ্রিত ‘৫০০’ লেখাটি উজ্জ্বল হয়ে ওঠে।
সামনের বাঁ পাশে রাখা হয়েছে ৪ মিমি চওড়া নিরাপত্তা সুতা, যেখানে লাল রং ও স্বর্ণালি বারের প্যাঁচানো নকশা ব্যবহৃত হয়েছে। নোটটি নাড়াতে থাকলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে। আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লিখা উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে এবং স্বর্ণালি অংশ রংধনুর রঙে পরিবর্তিত হয়ে ওপর থেকে নিচে চলমান থাকবে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য সম্মুখভাগের ডানদিকে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শ করলে সহজে অনুভূত হবে।
জলছাপেও আনা হয়েছে নতুনত্ব। নোটটিতে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মুখ এবং তার নিচে ইলেকট্রোটাইপ জলছাপে ‘500’ সংখ্যাটি। সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সব মিলিয়ে নোটটি আগের যেকোনো সময়ের তুলনায় আরও নিরাপদ, টেকসই এবং নকল প্রতিরোধে সক্ষম বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া শুরু করে। একই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট, যা চলতি বাজারে প্রচলিত নোটের পাশাপাশি সমানভাবে কার্যকর থাকবে।
আকাশজমিন / আরআর