রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, যা সংকটজনক অবস্থার সৃষ্টি করেছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে রয়েছে।
এদিকে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের সামনে দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বিশেষ সুরক্ষা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই হাসপাতালে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন।
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এই পরিস্থিতি দেশের রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিভিন্ন স্তরে তার সুস্থতার জন্য আশাবাদ প্রকাশ করা হচ্ছে।
আকাশজমিন / আরআর