ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তবে স্থানীয় যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে আয়োজন করা সম্ভব হয়নি। এ কারণে পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে দুঃখ প্রকাশ করে জানায়, সিঙ্গাপুরের আইন ও বিধিবিধান মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। একই সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইনকে সম্মান করার আহ্বান জানানো হয়।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরের The Angullia Mosque এ সকাল ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে এই জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শরিফ ওসমান হাদি ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের একজন অকুতোভয় যোদ্ধা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। তার নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা আন্দোলনরত তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল।
গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন। ভাষণের শুরুতে তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি আর বেঁচে নেই।
হাদির মৃত্যুর খবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে দোয়া ও রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আকাশজমিন / আরআর