নববর্ষের থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছরের প্রথম দিনে দেশজুড়ে আতশবাজি এবং উচ্চশব্দে গান-বাজনার কারণে সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ৩৮১টি অভিযোগ দায়ের করেছেন।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মধ্যে পাওয়া ৩৮১টি অভিযোগের মধ্যে ৯৬টি এসেছে ঢাকা মহানগর এলাকা থেকে এবং বাকিগুলো দেশের বিভিন্ন জেলা থেকে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয় এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে।
প্রতি বছরই নববর্ষের রাতে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর সাধারণত পুলিশের নিষেধাজ্ঞা থাকে। তবে এবারের প্রেক্ষাপট আলাদা ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে শুরু করে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এর কারণে ঢাকা মহানগরীতে ডিএমপি বিশেষভাবে আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
তবে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন স্থানে আগের মতোই নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে, যা শব্দদূষণের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
আকাশজমিন / আরআর