অনলাইন রিপোর্টার
বাংলাদেশ ও কোস্টারিকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন দেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনায় কোস্টারিকার প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেসের সঙ্গে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। উভয় দেশকে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্ট চাভেস ঢাকায় তার পূর্ববর্তী সফরের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেন। রাষ্ট্রদূত মুশফিক তাঁর আন্তরিক স্বাগত ও বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে, রাষ্ট্রদূত কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ড. ম্যারি মুনিভে আংগারমুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে গার্ড অব অনারসহ তাকে স্বাগত জানানো হয়। বাংলাদেশ ও কোস্টারিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা ও যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জলবায়ু অভিযোজন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে প্রস্তাব দেন।
ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মুশফিককে স্বাগত জানান এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতি কোস্টারিকার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। উভয় দেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার গুরুত্বে জোর দেন।
রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথক বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি কোস্টারিকার উন্নয়নে বাংলাদেশি জনশক্তির অবদানের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
এছাড়া রাষ্ট্রদূত সান হোসেতে অবস্থিত মেডিগ্রেই নামক ওষুধ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা, মান ও আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরেন এবং ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানে প্রতিষ্ঠানকে উৎসাহিত করেন। একই সময়ে, সান হোসেতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন।
আকাশজমিন / আরআর