স্টাফ রিপোর্টার:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ড্যাব ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এই কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা জানান, এই শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি সাত দিনব্যাপী চলমান থাকবে।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের এক অবিচল নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও আপসহীন ভূমিকা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান এবং ড্যাব ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ জাভেদ আহমেদ। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর রাশেক আলম অভী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ঢামেক ড্যাবের সহদপ্তর সম্পাদক ডাঃ গোলাম মোর্শেদ সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ জাফর ইকবাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, চিকিৎসক নেতৃবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ, নার্স নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ, কর্মচারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
শোক বইয়ে স্বাক্ষর করতে এসে অনেকে আবেগঘন পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আয়োজকরা জানান, এই শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির মাধ্যমে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো এবং তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
আকাশজমিন / আরআর