রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয়, এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো নির্বাচনই শতভাগ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। কোনো না কোনো ঝামেলা সব নির্বাচনের ক্ষেত্রেই ছিল। এবারও এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলেও জানান মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সরকার নির্বাচনকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে।
হ্যাঁ ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ ভোটে মানুষ দলের কথা শুনে ভোট দেবে।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তাই হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়। এতে ভোটারদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিক্যাব টকে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।
আকাশজমিন / আরআর