নিজস্ব প্রতিবেদক:
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার এই বক্তব্যের তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী এক সপ্তাহ নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ভোট উৎসবমুখর পরিবেশে হবে। নারীরা আনন্দের সঙ্গে ভোটে অংশগ্রহণ করবেন এবং মানুষ পরিবার নিয়ে একসঙ্গে এই উৎসবে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বৈঠকে পুলিশ সদস্যদের জন্য বডি ওয়র্ন ক্যামেরা বিতরণ বিষয়ে আলোচনা হয়। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫,৭০০ বডি ওয়র্ন ক্যামেরা বিতরণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা রেন্ডমলি পাঁচটি ভোট কেন্দ্রে এসব ক্যামেরা ধারণকারী সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কার্যকারিতা যাচাই করেছেন।
এছাড়াও, নির্বাচন সুরক্ষা অ্যাপের ব্যাপারে তথ্য দেন প্রেস সচিব। নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সিকিউরিটি অফিসাররা এই অ্যাপ ব্যবহার করবেন। কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা সহিংসতা ঘটলে দ্রুত এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট সকল নিরাপত্তা বাহিনী এবং ইলেকশন কমিশনের কাছে বার্তা যাবে। এতে করে দ্রুত ইন্টারভেনশন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।
প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেন, এই অ্যাপটি দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে ব্যবহার করা হয় এবং এটি পরীক্ষিত ও কার্যকর প্রমাণিত হয়েছে। তিনি বলেন, "নির্বাচন সুরক্ষা অ্যাপটির মাধ্যমে ভোট প্রক্রিয়া আরো সুরক্ষিত ও স্বচ্ছ হবে।"
সার্বিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করার জন্য সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ মনোযোগ ও প্রস্তুতি নিয়েছে।