ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৩৪ পিএম

অনলাইন রিপোর্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বৈঠক করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে আলাদা বৈঠক করেন। এ বৈঠকে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, উন্নয়ন সহযোগিতা এবং চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম, গণতন্ত্র ও সুশাসন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে উভয় পক্ষই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা না বললেও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার চমৎকার বৈঠক হয়েছে। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আলোচনায় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এদিকে, প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও এক সংক্ষিপ্ত বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ব্রেন্ট টি. ক্রিসটেনসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বার্তায় আলোচনার নির্দিষ্ট বিষয় উল্লেখ না করা হলেও দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ বৈঠক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক সময়োপযোগী আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আঞ্চলিক ও বৈশ্বিক নানা পরিবর্তনের প্রেক্ষাপটে পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক সংলাপ জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ভবিষ্যতেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে। উভয় দেশ পারস্পরিক স্বার্থ ও সম্মান বজায় রেখে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করতে আগ্রহী। রোববারের এই বৈঠক সেই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর