ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উত্তরায় র‍্যাব পরিচয়ে ডাকাতি করা চক্রের তিন সদস্য গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:০১ পিএম

রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর যৌথ তল্লাশি চৌকিতে র‍্যাব পরিচয়ে ডাকাতি করা একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, ভুয়া র‍্যাব পরিচয়পত্র এবং র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প রোববার রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত বিএনএস সেন্টার এলাকায় নিয়মিত একটি তল্লাশি চৌকি পরিচালনা করছিল। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে গাড়িটিতে থাকা পাঁচজন যাত্রী পালানোর চেষ্টা করে। সেনাসদস্যরা দ্রুত ধাওয়া চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও মিজু আহমেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে র‍্যাব সদস্যের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সঙ্গে ডাকাতি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সেনাবাহিনী জানায়, আটককৃতদের বহন করা মাইক্রোবাসটি তল্লাশি করে ডাকাতির প্রস্তুতির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—১টি বিদেশি পিস্তল, ১টি ডামি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড ৫.৫২ মি.মি. গোলাবারুদ। এ ছাড়া পাওয়া যায় ৪টি কালো রঙের র‍্যাব জ্যাকেট, ২টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, ১টি ওয়াকিটকি ও ২টি হাতকড়া।

তল্লাশিকালে আরও উদ্ধার করা হয় ২টি পিস্তল কভার, ১টি রিফ্লেক্টিং জ্যাকেট, ১টি হাতুড়ি, ২টি গাড়ির ভুয়া নাম্বার প্লেট এবং নগদ ২ হাজার ৬৭০ টাকা। এসব সরঞ্জাম থেকে ধারণা করা হচ্ছে, তারা পরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল।

সেনাবাহিনী সূত্র জানায়, এই চক্রটি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। জননিরাপত্তার জন্য এ ধরনের অপরাধ চক্র মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত সব মালামালসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর