ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা


  • আপলোড সময় : বুধবার ১১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:২৮ পিএম

অনলাইন রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নির্বাচন শেষ হলে জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে যথাযথ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সাময়িক এবং সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতেই চূড়ান্তভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত হবে—এটাই গণতন্ত্রের মূল চেতনা। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

ভাষণে তিনি দেশবাসীকে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে ঘিরে অস্থিরতা তৈরি করা এবং জনগণের আস্থা দুর্বল করা।

তিনি বলেন, সম্প্রতি নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। তিনি এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এসব বিভ্রান্তিকর প্রচারণার একমাত্র লক্ষ্য দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এর মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো গুজব, অপতথ্য বা উসকানিমূলক বক্তব্যে প্রভাবিত না হয়ে সচেতন থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

ভাষণের শেষাংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি প্রতিনিধিত্বশীল সরকার দায়িত্ব গ্রহণ করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর