ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত বছরের ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকেই জনমনে নানা অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছিল। নির্বাচনের বাস্তবায়ন, তারিখ ও নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে সংশয় ছিল। তবে রাত পোহালেই ভোট হবে এবং দেশের মানুষ নির্ধারণ করবেন আগামী দিনের নেতৃত্ব ও রাজনৈতিক দিশা।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলন দেশে রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) দেশের সব ভোটকেন্দ্র প্রস্তুত করেছে। নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তাও প্রদান করেছে ইসি। সিইসি বুধবার বলেন, “ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ বা বয়স নির্বিশেষে ভোটাররা অবাধে ভোট দিতে পারবে।”
নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শঙ্কা ও অভিযোগও উঠেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নিরাপত্তা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। এই ঘটনার পর সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের নিরাপত্তা নিয়ে সরব হয়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং সক্রিয় অবস্থানে রয়েছে।”
বিভিন্ন রাজনৈতিক দল তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ করেছে। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মাঠপর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচন আচরণবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের দৃঢ় অবস্থান অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না।” জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “সবার অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই সবচেয়ে জরুরি। ইসি যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ইসির সঙ্গে সুর মিলিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে দ্বৈরথে জড়ায়। পরে নিজেদের চাওয়া ‘শাপলা’ প্রতীক না পেয়ে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় দলটি। অন্যদিকে, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ১২০ ঘণ্টার বেশি আমরণ অনশন করে দলের নিবন্ধন আদায় করেন এবং নির্বাচনে অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৯৯ আসনে। জামায়াত ইসলামের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে অংশগ্রহণকারী মোট প্রার্থী সংখ্যা ২,২৮০ জন, যার মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্র ২১,৫০৬টি।
নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠু করতে সারা দেশে মোট ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ ৩ হাজার। ৫ জেলার ১৭ আসনে থাকবে ৫ হাজার নৌবাহিনীর সদস্য। বিমানবাহিনীর সদস্য থাকবে সাড়ে ৩ হাজার। বিজিবি থাকবে ৩৭ হাজার ৪৫৩ জন। কোস্টগার্ড থাকবে ৩ হাজার ৫৮৫ জন। পুলিশের সদস্য থাকবে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন। র্যাব থাকবে ৯ হাজার ৩৪৯ জন। আনসার থাকবে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন। বিএনসিসির সদস্য থাকবে ১ হাজার ৯২২ জন।
নির্বাচন ভবনে স্থাপিত খবর পরিবেশনের বুথ পরিদর্শন করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “ভোটের পরিবেশ খুব ভালো, উৎসবমুখর। আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। আশা করছি ভোটের ফলাফল দ্রুত প্রকাশ করা যাবে।”
রাত পোহালেই ভোট; দেশের মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবেন।
আকাশজমিন / আরআরআকাশজমিন / আরআর