ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দুই যুগের আশ্রয় পেরিয়ে চিরনিদ্রায় বাক্প্রতিবন্ধী ববি বেগম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ১০:১১ এএম

যে প্ল্যাটফর্মের ধুলোবালি নিজের বুড়ো হাত দিয়ে পরিষ্কার করে জীবনের ২৪টি বছর কাটিয়ে দিয়েছিলেন, মৃত্যুর শেষ বেলায় সেই চেনা রেললাইন পার হওয়ার সময় নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের সবার পরিচিত ও আশ্রয়হীন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) আর বেঁচে নেই। জীবনের শেষ স্টেশন পেরিয়ে তিনি এখন এক অনন্ত শান্তিময় জগতের বাসিন্দা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ভাগ্যাহত নারী। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম এই অত্যন্ত বেদনাদায়ক তথ্যটি নিশ্চিত করেছেন।

এই করুণ মৃত্যুর বীজ বপন করা হয়েছিল গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে। মেথিকান্দা স্টেশনের একটি জরাজীর্ণ পরিত্যক্ত কক্ষ ছিল এই বাক্প্রতিবন্ধী মায়ের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে কাদা, তখন একদল জানোয়াররূপী দুর্বৃত্ত সেই ঘরে হানা দেয়। ববি বেগমের দুই যুগ ধরে তিল তিল করে জমানো শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য তাঁর ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। লোহার রড ও লাঠির আঘাতে রক্তাক্ত করা হয় তাঁর বৃদ্ধ শরীর। তাঁর কান্নার কোনো ভাষা ছিল না, চিৎকার করে কাউকে ডাকার মতো কণ্ঠস্বর সৃষ্টিকর্তা তাঁকে দেননি; সেই বোবা যন্ত্রণাকে পুঁজি করেই তাঁর কষ্টের জমানো টাকা লুট করে নিয়ে যায় নরপিশাচরা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। পরে প্রশাসন পাশে দাঁড়ালেও শেষ রক্ষা আর হলো না।

স্টেশনের নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে এক কুয়াশাচ্ছন্ন দিনে একটি ট্রেন থেকে মেথিকান্দা স্টেশনে নেমেছিলেন এই পরিচয়হীন নারী। তারপর আর কোথাও যাননি। স্টেশনকেই বানিয়েছিলেন নিজের সংসার। কোনো পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন কাকভোরে উঠে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ স্টেশনের সব পরিচ্ছন্নতার কাজ একাই করতেন। স্থানীয় বাসিন্দা আর ট্রেনের মায়াবী যাত্রীরা ভালোবেসে তাঁকে যে দুই-এক টাকা বা খাবার দিতেন, ক্ষুধার কষ্ট সহ্য করে তার প্রায় সবটাই জমিয়ে রাখতেন তিনি। সেই জমানো টাকার লোভেই বর্বরোচিত হামলা হয় তাঁর ওপর।

মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান, হামলায় বৃদ্ধা ববি বেগমের দুই চোখের নিচে ও পুরো শরীরে গভীর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ মনে হলেও মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আচমকা তাঁর পুরো শরীর ভীষণ কাঁপতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে যখন তাঁকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল, তখন অ্যাম্বুলেন্সে জসিম নিজেও উপস্থিত ছিলেন। কিন্তু জীবনের নির্মম নিয়তি, নিজের দুই যুগের চেনা আশ্রয় মেথিকান্দা স্টেশনটি অতিক্রম করার ঠিক ওই মুহূর্তেই ববি বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসার দায়িত্বে থাকা রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম জানান, হাসপাতালে যখন ববি বেগমকে আনা হয়, তখন তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল এবং রক্তচাপ প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। অক্সিজেন ও স্যালাইন দিয়েও তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়, কিন্তু পথেই তাঁর মৃত্যু ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বুধবার সকালে ববি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ববি বেগমের এই ট্রাজিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁর দেখভালের কোনো কমতি ছিল না, কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না। তবে এই নিষ্ঠুর অপরাধে জড়িত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ববি বেগমের এই মৃত্যু আমাদের সমাজের মরে যাওয়া মানবিক বিবেককে আরও একবার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।


এ সম্পর্কিত আরো খবর