অনলাইন রিপোর্টার:
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুরোদমে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই আসামিদের আইনি আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, ছিনতাইয়ের এই ঘটনা তদন্তে ডিবির একাধিক টিম কাজ করছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই ঘটনার নেপথ্যে থাকা আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় সবকটি আলোচিত অপরাধের রহস্য অত্যন্ত সাফল্যের সঙ্গে উদঘাটন করেছে ডিবি। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের এই ঘটনাটিও দ্রুত উদ্ঘাটন করে অপরাধীদের আইনের মুখোমুখি করার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়ন কার্যালয়ের দক্ষিণ পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়িটির গতি রোধ করে। এরপর গাড়ির কাচ ভেঙে ধারালো অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হকের ছোট ছেলে। এ ঘটনায় পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।