রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাফল্য অর্জনকারী মৎস্যচাষীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণ, বিশাল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, বাণিজ্যিক মাছ চাষে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং প্রাকৃতিক জলাশয় সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরবর্তীতে মৎস্য খাতে বিশেষ সাফল্য অর্জনকারী স্থানীয় খামারি ও চাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।