খুলনায় নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চুয়াডাঙ্গা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে 'সাধারণ শিক্ষার্থী ও আমজনতা'র ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
নিহত আজমুল হোসেন খুলনার নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মো. কুতুব আলীর ছেলে। গত ১৮ সেপ্টেম্বর খুলনায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে প্রতিবাদ সমাবেশে জানানো হয়।
প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের প্রতিনিধি মো. আহসান হাবিব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মমিন মালিথা, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, দর্শনা থানা কৃষকদলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল রানা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান।
এছাড়া নিহতের শোকাহত বাবা-মা ও স্বজনদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।