ভোলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি খাল থেকে মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল ভোলার বোরহানউদ্দিন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার মো. আকবর হোসেনের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই খালের পানি থেকে বস্তাটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে একটি সন্দেহজনক বস্তা ভাসতে দেখতে পান। পরে বস্তার ভেতর শিশুর মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বস্তাটি খোলে এবং নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ শনাক্ত করে।
পরিবার ও পুলিশ জানায়, শিশুটি গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিল। এই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।