দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মো. ইছহাক আলীর পুরো বসতবাড়ি এবং মোছা. সাজেদা বেগমের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একটি ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ইছহাক আলীর সমস্ত ঘরবাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের সাজেদা বেগমের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ির আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যাওয়ায় পরিবার দুটি চরম বিপাকে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় তিন লাখ টাকার মালামাল ও স্থাবর সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে।