গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর এলাকা থেকে রেললাইন ও তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৃথক দুটি স্থান থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের জয়দেবপুর জংশন সংলগ্ন আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।