ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ঋণগ্রহীতার লাখ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যাংকটির ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ নিয়ে সুদাসলে তা ৫ লাখ টাকার বেশি বানিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। সোমবার ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করার পর আদালত তা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করেছেন।
ব্যাংক সূত্র জানায়, ২০১৭ সালের বিভিন্ন সময়ে আসামি সৈয়দ নাজমুল আলম পারভেজ দফায় দফায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী ব্যাংকের আসল ও সুদের টাকা পরিশোধ করেননি তিনি। ফলে জমে থাকা সুদ ও বিলম্ব সার্ভিস চার্জসহ বর্তমান বকেয়ার পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকায়। ব্যাংক কর্তৃপক্ষের বারবার তাগাদা এবং রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশ অবজ্ঞা করে তিনি সময়ক্ষেপণ করেন। উপায় না পেয়ে ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আব্দুল মান্নান বাদী হয়ে আদালতে এই প্রতারণার মামলা করেন।
এদিকে অভিযুক্ত সৈয়দ নাজমুল আলম পারভেজ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে পূর্বেও চেক জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলায় সাজা এবং সম্প্রতি বোয়ালমারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কতৃক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করার তথ্য পাওয়া গেছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।