সারাদেশে আওয়ামী লীগের চলমান নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার সকাল ১০টায় শহরের সাধনার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং যুগ্ম-আহবায়ক মো. এনামুল হক সাজুসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় দেশজুড়ে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা।