ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে ফিলিপাইনকে আটকে দিল পাকিস্তান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত এক কামব্যাক করে ইতিহাস গড়েছে পাকিস্তান ফুটবল দল। বিশ্ব র‌্যাংকিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য লড়াই করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। এর মাধ্যমে ফিফার অফিশিয়াল কোনো টুর্নামেন্টে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্টের দেখা পেল দলটি।


ইন্দোনেশিয়ার সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ ডিভিশন ১-এর গ্রুপ ‘বি’-র এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফিলিপাইন। ম্যাচের ২৪ মিনিটের মাথায় জটলার ভেতর থেকে গোল করে ফিলিপাইনকে এগিয়ে দেন স্যানড্রোর রেয়েস। এরপর ম্যাচের ৩২ মিনিটের মাথায় ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় প্রতিপক্ষ। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন বিজর্ন ক্রিস্টেনসেন। প্রথমার্ধের খেলায় দুই গোল খেয়ে চরম বিপাকে পড়ে পাকিস্তানি রক্ষণভাগ।


তবে বিরতির পর সম্পূর্ণ নতুন এক কৌশল ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে কোচ নলবার্তো সোলানোর শিষ্যরা। কোচ দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোয়াডে দুটি পরিবর্তন আনেন, যা মুহূর্তেই কাজে লেগে যায়। ম্যাচের ৪৭ মিনিটের মাথায় অধিনায়ক আবদুল্লাহ ইকবালের নিখুঁত পাস থেকে বল পেয়ে চমৎকার ড্রিবলিংয়ে ফিলিপাইনের রক্ষণভেদ করেন ফরোয়ার্ড আলী আকবর। মেন্দোজার দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি উদযাপন করেন তিনি। এই গোলের পর পাকিস্তানের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এরপর ৬০ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর দারুণ সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে দলকে ২-২ সমতায় ফেরান আব্দুল সামাদ আরশাদ। ম্যাচের বাকি সময় উভয় দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।


এই নাটকীয় ড্রয়ের ফলে গ্রুপ পর্বে দুই দলেরই পরবর্তী রাউন্ডে যাওয়ার সমীকরণ বেশ জটিল হয়ে পড়েছে। সমান ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান। আগামী শুক্রবার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে গ্রিন শার্টসরা। টুর্নামেন্টের আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে হোঁচট খেলেও, র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ফিলিপাইনের বিপক্ষে এমন লড়াকু পারফরম্যান্স দলের তরুণ ফুটবলারদের ভবিষ্যৎ আন্তর্জাতিক ম্যাচের জন্য দারুণভাবে অনুপ্রাণিত করবে।


এ সম্পর্কিত আরো খবর