ফরিদপুর প্রতিনিধি
একটি সুস্থ জাতি এবং আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার ক্ষেত্রে তরুণ ও যুবসমাজকে আধুনিক সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। মাদক ও প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার দিগন্ত প্রসারিত করতে নবস্থাপিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মাহফুজুর রহমান বিপ্লব প্রদত্ত সংবাদে জানানো হয়, বিভাগীয় কমিশনার তার বক্তব্যে আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের বিপথগামী হওয়া এবং মোবাইল ফোন ও মাদকের মারাত্মক আসক্তি থেকে রক্ষা করতে হলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এলাকায় পর্যাপ্ত ক্রীড়া অনুশীলনের অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তুলতে হবে। উদ্বোধনী এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ ‘পিংক বাইসাইকেল’ বিতরণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি ইউনিয়ন পরিষদের নানামুখী দাপ্তরিক কার্যক্রম এবং গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের সুফল সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষকে নির্বিঘ্নে ও স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
সাতৈর ইউনিয়ন পরিদর্শন শেষে তিনি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এলাকায় যান। সেখানে প্রান্তিক ও কৃষিনির্ভর এলাকার দেড় শতাধিক কৃষকের মাঝে আধুনিক কৃষিকাজ পরিচালনার জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি ক্রীড়া ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম ছাড়াও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ব্যস্ত সফরসূচির শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার নবনির্মিত কৃষ্ণনগর ইউনিয়ন ভূমি অফিস ভবনের শুভ উদ্বোধন করেন, যা স্থানীয় সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত সেবা প্রাপ্তিকে আরও সহজ ও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।