ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

মাধবপুরে ওষুধে নষ্ট ২৫০ শতক টমেটো ক্ষেত, ক্ষতি ১৬ লাখ


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৬:২৫ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি

ঋণ করে আগাম জাতের টমেটো চাষ করেছিলেন কৃষক গিরিধন সরকার। আশা ছিল, কয়েক সপ্তাহের মধ্যে ফসল বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের আর্থিক সংকট দূর করবেন। কিন্তু পোকামাকড় দমনের ওষুধ প্রয়োগের পরই তাঁর ২৫০ শতক জমির টমেটো ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। কৃষক পরিবারের দাবি, এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া গিরিধন বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের।


কৃষক পরিবারের অভিযোগ, গত ৭ অক্টোবর মাধবপুর বাজারের বিসমিল্লাহ বীজ ভান্ডার থেকে অটোকেমিক্যাল কোম্পানির প্রতিনিধি মো. মনিরুল ইসলামের পরামর্শে পোকামাকড় দমনের ওষুধ কেনেন গিরিধন। পরে জমিতে ওই ওষুধ প্রয়োগ করার পরপরই টমেটো গাছের রং সাদা হতে শুরু করে। একপর্যায়ে অনেক গাছের গোড়ায় পচন দেখা দেয়। এতে পুরো ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়।


পরিবারের সদস্যরা জানান, টমেটো চাষের জন্য এনজিওসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ এবং ধারদেনা করে অর্থ সংগ্রহ করেছিলেন গিরিধন। জমিতে নিয়মিত ২০ থেকে ৩০ জন শ্রমিক কাজ করতেন। ফসল বিক্রির সময় ঘনিয়ে এলেও তার আগেই ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।


এ ঘটনায় ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গিরিধনের ভাই ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়ধন সরকার।


মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, সরেজমিন পরিদর্শনে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, কীটনাশকের পরিবর্তে আগাছানাশক প্রয়োগের কারণে টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিক্রেতাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


তিনি আরও বলেন, জমিতে কোনো ধরনের কৃষি ওষুধ প্রয়োগের আগে বোতলের গায়ে থাকা লেবেল ও ব্যবহারের নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে।


ফসল নষ্ট হয়ে যাওয়ায় ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে গিরিধন ও তাঁর পরিবারের সদস্যদের। ক্ষতিপূরণ এবং সরকারি সহায়তা পেলে এই আর্থিক বিপর্যয় কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।



এ সম্পর্কিত আরো খবর