মো: বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর মধ্য চানপুর এলাকায় অবস্থিত হালিমা টেলিকম ফ্যাক্টরির সামনের সড়কটিতে বছরের পর বছর ধরে চলা স্থায়ী জলাবদ্ধতা এখন চরম জনদুর্ভোগে রূপ নিয়েছে। কোনো প্রকার বৃষ্টিপাত ছাড়াই বছরের প্রায় ১২ মাসই সড়কের মূল অংশে অস্বাস্থ্যকর কাদা ও নোংরা পানি জমে থাকছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি ও দুর্গন্ধ মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন পথচারী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চালকেরা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সামান্য হালকা বা মাঝারি বৃষ্টি হলেই সড়কটির সার্বিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে কাদা ও পচা আবর্জনা উপচে পড়ে মূল সড়কে ছড়িয়ে পড়ছে। দিনের পর দিন দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা লেগে থাকার ফলে ব্যস্ততম এই পিচঢালা সড়কের বিটুমিন ও উপরিভাগ উঠে গিয়ে বড় বড় খানাখন্দ ও বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ মানুষ এবং প্রাত্যহিক কর্মজীবীদের চলাচলে পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি।
এলাকাবাসীর চরম ক্ষোভ, সড়কটির স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশনের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বারবার লিখিত ও মৌখিকভাবে জানালেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো টেকসই পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযোগ উঠেছে, বিগত সরকারের শাসনামলে নিযুক্ত স্থানীয় জনপ্রতিনিধিরা কেবল মাঝে মাঝে লোক দেখানো পরিদর্শন, ছবি তোলা ও ভিডিও ফুটেজ সংগ্রহের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছিলেন; কিন্তু সমস্যা সমাধানের জন্য সুদূরপ্রসারী কোনো মহাপরিকল্পনা বা বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেননি।
নগরীর এমন একটি জনগুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকার সড়কে বছরের অধিকাংশ সময় কৃত্রিম পানি জমে থাকা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ড্রেনেজ অবকাঠামো নির্মাণ ও নিয়মিত নালা পরিষ্কার না করা হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি যেকোনো মুহূর্তে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে শঙ্কা দেখা দিয়েছে। তাই হালিমা টেলিকম ফ্যাক্টরির সামনের এই জলাবদ্ধতার দ্রুত টেকসই সমাধান ও সড়ক মেরামতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ ও জরুরী হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।