ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

তাড়াশ শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হাসেম চেয়ারম্যান ও মন্টু সম্পাদক


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি (চেয়ারম্যান) পদে প্রবীণ শিক্ষক নেতা আবু হাসেম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে তরিকুল ইসলাম মন্টু নির্বাচিত হয়েছেন।


আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ও বিরতিহীনভাবে তাড়াশ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনাকারী বোর্ড সূত্রে জানা যায়, শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠিত এই মর্যাদাপূর্ণ সমবায় সংগঠনের পরিচালনা পর্ষদ নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ এবং ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ নামে দুটি হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্যানেল নির্বাচনে অংশ নেয়। সমিতির মোট ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরাসরি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


ভোট গণনা শেষে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৭৬টি বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পান ১৮৫ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩৮৮ ভোট পেয়ে জয়লাভ করেন মো. ইসমাইল হোসেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পান ২৭৫ ভোট।


সাধারণ সম্পাদক পদে প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ আলী পান ২৭১ ভোট। ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনার রশিদ মামুন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পান ৩০৯ ভোট। এছাড়া পরিচালক পদের দুটিতে আব্দুল মোমিন খোকন (৩৫৬ ভোট) ও আব্দুল হান্নান (৩৩৯ ভোট) জয়লাভ করেছেন।


নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা জানান, সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে নিরপেক্ষ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।


বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “তাড়াশের শিক্ষক-কর্মচারী ভাই-বোনেরা আমাদের ওপর যে আস্থা ও গভীর বিশ্বাস রেখেছেন, আমরা তা সর্বোচ্চ সততার সঙ্গে রক্ষা করব। আগামী দিনে সমবায় সমিতির সদস্যদের সার্বিক কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”


এ সম্পর্কিত আরো খবর