ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,  ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় তীব্র আতঙ্ক যুদ্ধবিরতির বিনিময়ে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চায় সৌদি আরব বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার শীর্ষ বৈঠক চিরতরে ক্ষমতা হারানোর ঝুঁকিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোপা ট্রফিতে বার্সেলোনার রাজত্ব, টানা তিনবার সেরা লামিন ইয়ামাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা ইতিহাস গড়ে রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস দীর্ঘ ২৫ বছরের খরা কাটিয়ে প্রথম ইংরেজ হিসেবে ব্যালন ডি'অর জিতলেন কেইন ব্যালন ডি’অরে ১৩ পুরস্কারের মহোৎসব: কে কোন ট্রফি জিতলেন? সীতাকুণ্ডে লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৫

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পরিচ্ছন্নতায় আপস নয়: লার্ভা মিললে সরকারি বাসা বাতিল


  • আপলোড সময় : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

ঢাকা মহানগরীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যকর মেগাসিটি হিসেবে গড়ে তুলতে এবার নজিরবিহীন কঠোর অ্যাকশনে নামছে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত এই টিমগুলোকে মাঠপর্যায়ে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে সরকারি কোয়ার্টার কিংবা অভিজাত বাসস্থানে এডিস মশার লার্ভা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ফ্ল্যাট বরাদ্দ বাতিলসহ গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।

আজ সোমবার বিকেল ৩টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এই কঠোর বার্তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্দেশনাসমূহ প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিলোত্তমা ঢাকা শহরকে নাগরিকদের জন্য পুরোপুরি বাসযোগ্য ও নিরাপদ করতে বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই অত্যন্ত আন্তরিক ও সচেষ্ট ভূমিকা পালন করছেন। এমনকি প্রধানমন্ত্রী নিজে স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং সরকারি কোয়ার্টারের বর্তমান অবস্থা পরিদর্শন করে এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় এই যে, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও নামিদামি হাসপাতালে অভিযান চালিয়েও এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র খুঁজে পাওয়া গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা প্রত্যেকেই মাঠপর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সুতরাং দায়িত্ব পালনে কোনো শিথিলতা দেখানো যাবে না। যেখানেই নিয়ম লঙ্ঘন, চরম অবহেলা ও এডিসের লার্ভা পাবেন, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা নিশ্চিত করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি নিজেদের বসবাসের কোয়ার্টারই পরিচ্ছন্ন রাখতে না পারেন, তবে তাঁদের সরকারি বাসভবনে থাকার কোনো নৈতিক যোগ্যতা নেই।
রাজধানীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ঢাকার ফুসফুস খ্যাত হাতিরঝিল, ধানমন্ডি লেক, বনানী লেক ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূর্বের চিরচেনা নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে পুরোদমে কাজ করে যাচ্ছে। এ ছাড়া ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিং করার কাজ বর্তমানে চলমান রয়েছে।

তিনি শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও বলেন, প্রায়শই প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরি হয়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এবার ফাইবার বোর্ড দিয়ে নতুন ধরনের আধুনিক বিন তৈরির বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই বিনগুলো স্থাপন করবে। মাঠপর্যায়ে এই ২০টি টিমের সমন্বিত ও কঠোর ভূমিকা বজায় থাকলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ঢাকার সার্বিক চেহারায় একটি দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি বিশেষ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর