ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,  ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় তীব্র আতঙ্ক যুদ্ধবিরতির বিনিময়ে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চায় সৌদি আরব বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার শীর্ষ বৈঠক চিরতরে ক্ষমতা হারানোর ঝুঁকিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোপা ট্রফিতে বার্সেলোনার রাজত্ব, টানা তিনবার সেরা লামিন ইয়ামাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা ইতিহাস গড়ে রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস দীর্ঘ ২৫ বছরের খরা কাটিয়ে প্রথম ইংরেজ হিসেবে ব্যালন ডি'অর জিতলেন কেইন ব্যালন ডি’অরে ১৩ পুরস্কারের মহোৎসব: কে কোন ট্রফি জিতলেন? সীতাকুণ্ডে লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৫

টোকিওতে লাল গালিচা সংবর্ধনা:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৩৮ এএম

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যেতে জাপানের টোকিওতে শুরু হয়েছে ঐতিহাসিক শীর্ষ বৈঠক। চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে অবস্থিত জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় 'কানতেই'-এ এসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়। কানতেই ভবনে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মাননা তথা ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত গার্ড পরিদর্শন করেন এবং এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সানায়ে তাকাইচি তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে ভবনের মূল কক্ষে প্রবেশ পথে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর উভয় নেতা এক একান্ত বৈঠকে মিলিত হন। দুই নেতার শীর্ষ বৈঠক শেষে দুপুরে যৌথ সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে সানায়ে তাকাইচির আয়োজনে একটি বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
 
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর, যার আগে তিনি মালয়েশিয়া, চীন ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছেন। এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
 
 
এছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
 
 
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছালে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেন এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন।
 
 

তারো আসোর সঙ্গে বৈঠকে ২০০৬ সালে জাপানে তাদের মধ্যকার সাক্ষাতের স্মৃতি স্মরণ করে দ্বিপক্ষীয় সম্পর্কে তার অবদানের স্বীকৃতি জানান প্রধানমন্ত্রী। মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ইপিএ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়নসহ দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে প্রযুক্তি গ্রাম, উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন ও বাংলাদেশ-জাপান দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর