ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এবার ঘর গোছানো ও দলীয় ঐক্য সুদৃঢ় করার দিকে মনোযোগ দিয়েছে বিএনপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় অভ্যন্তরীণ বিভক্তি দূর করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে তৃণমূলের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে ক্ষমতার রাজনীতিতে আসার পর নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যারা নিজ নিজ এলাকায় বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তখন তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তীতে দলে ফিরতে বহিষ্কৃতদের অধিকাংশই আবেদন করলেও এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং বাকিদের বিষয়টি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করা বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যারা শিগগিরই কেন্দ্র থেকে চিঠি পাবেন।
একইসঙ্গে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে নড়াইল জেলা বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে, যিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়েছিলেন। দলের একাধিক সিনিয়র নেতাকর্মীর মতে, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো দলের ভেতরে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে আনা। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতায় আসার পর নেতাকর্মীদের প্রত্যাশা বেড়েছে; কিন্তু কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়া, সাংগঠনিক পদ নিয়ে অসন্তোষ, স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব এবং নির্বাচনী বিরোধ অনেক জায়গায় অস্বস্তির কারণ হয়ে উঠছে। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা, অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দেওয়া এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব জানান, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি বিএনপির রাজনীতি করেন। দলে পদ-পদবি থাকুক বা না থাকুক, কিংবা বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—তিনি বিএনপিতেই আছেন এবং থাকবেন। নির্বাচনের পরও দলের ও প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি পালন করছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন দল বিষয়টি বিবেচনা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলে থাকাকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা সহজ হলেও ক্ষমতায় আসার পর দায়িত্ব বণ্টন ও নেতৃত্বের প্রতিযোগিতা দলীয় ঐক্যে চ্যালেঞ্জ তৈরি করে। জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, শুধু বহিষ্কার বা সাংগঠনিক শাস্তির মাধ্যমে বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংকট সমাধান করা যায় না। আবার সব বিরোধ আলোচনার মাধ্যমে মেটাতে গেলে শৃঙ্খলার প্রশ্নে দুর্বলতা দেখা দিতে পারে। তাই ব্যক্তি ও পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত সিদ্ধান্ত জরুরি।
তিনি সংগঠন গোছানোর পাশাপাশি চলমান পরিস্থিতি বিবেচনায় সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব জানান, ক্ষমতার রাজনীতিতে আসার পর মন্ত্রিত্ব, সংসদীয় দায়িত্ব বা দলীয় পদ-পদবি নিয়ে কারও কারও মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তিগত ক্ষোভ বা নির্বাচনী বিরোধে দূরে সরে যাওয়া নেতাদের পুনরায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সবার ক্ষেত্রে একই নীতি নাকি ব্যক্তি ও পরিস্থিতিভেদে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিও গুরুত্ব পাচ্ছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এটি একটি চলমান সাংগঠনিক প্রক্রিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সামনে আরও অনেক সংকট এসেছে এবং জাতীয় ঐক্যের একটি প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, যারা বিএনপি করেন ও দেশকে ভালোবাসেন, ডাক দিলে তারা অবশ্যই চলে আসবেন।