ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

আবারও উত্তপ্ত ইয়েমেন: চার প্রদেশে বিমান ও ড্রোন হামলা


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৩৯ এএম

দীর্ঘদিনের আপেক্ষিক শান্তি ভেঙে আবারও ভয়াবহ সামরিক সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন। দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চারটি প্রদেশে নতুন করে বিমান ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির পাল্টাপাল্টি হামলা এবং বোমা বিস্ফোরণে নিরাপত্তা কর্মকর্তাসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে। এই নতুন উত্তেজনায় দেশটির চলমান মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুতি গোষ্ঠীর অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে। অন্যদিকে, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, সৌদি আরব তায়েজ, আল-হুদায়দা এবং সা’দা প্রদেশে বিমান হামলা পরিচালনা করেছে।


এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু।


অন্যদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর এক প্রতিবেদনে জানিয়েছে, গত আগস্ট মাস থেকে প্রদেশটিতে হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলায় ২০০ জনের বেশি নারী ও শিশু হতাহত হয়েছেন।


তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর অভিযান সম্পর্কে শুক্রবার ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়েছে। তবে ওই বিমান হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সেনাবাহিনীর বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


উল্লেখ্য, তায়েজের দক্ষিণ প্রবেশপথের কাছাকাছি অবস্থান এবং শহরের একটি বড় অংশের ওপর নজরদারির সুযোগ থাকায় মাউন্ট সাবিরের নিকটবর্তী আল-আকরা ফ্রন্টটি সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে আল-জাওফ প্রদেশে গোষ্ঠীটির যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’ এই অভিযানের তথ্য প্রকাশ করেছে।


ওয়েবসাইটটিতে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করা হলেও এর চূড়ান্ত ফলাফল বা হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি। সৌদি আরবের সঙ্গে দীর্ঘ স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া হুতি-নিয়ন্ত্রিত সা’দা, আমরান ও রাজধানী সানা প্রদেশের খুব কাছাকাছি এর অবস্থান। একই সঙ্গে সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশেরও নিকটবর্তী এটি। বর্তমানে আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বিভক্ত রয়েছে। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী।


লাহজ প্রদেশে বিস্ফোরণে আহত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর বিষয়ে জানা গেছে, প্রদেশটির গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন দিন আগে সড়কের পাশে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছিলেন।


স্বাধীন সংবাদমাধ্যম আল-মাসদার অনলাইন স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের পর চিকিৎসার জন্য দ্রুত একটি হাসপাতালে নেওয়ার পর আঘাতের তীব্রতার কারণে ক্যাপ্টেন ইস্কান্দারের মৃত্যু হয়। গত মঙ্গলবার দক্ষিণ লাহজের আল-ফাইউশ এলাকায় তার নেতৃত্বাধীন একটি টহল দলকে লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল।


তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর শুক্রবার আরও জানায়, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটির বিভিন্ন জেলায় হুতি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় অন্তত ৪২ জন নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও ১৬১ জন।


মূলত গত জুলাই মাস থেকেই ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে তায়েজ, লাহজ ও মারিব প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল মাস থেকে ইয়েমেনে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা পুরোপুরি ভেঙে পড়েছে। চলমান এই সশস্ত্র সংঘাত ও নতুন করে বাস্তুচ্যুতির কারণে আগে থেকেই ভয়াবহ মানবিক ও খাদ্য সংকটে থাকা দেশটির সাধারণ মানুষের পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে।


উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।


সূত্র: আনাদোলু


এ সম্পর্কিত আরো খবর