নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ সরকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। ঘটনা ঘটে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। নিহত প্রান্তোষ সরকার ওই এলাকার সাধন সরকারের ছেলে।
প্রান্তোষের ভাবি হেনা রাণী জানান, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি প্রান্তোষের খোঁজে তার বাড়ির পাশে আসে। পরে তাকে বাড়ি থেকে ডেকে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রান্তোষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, ‘পেশায় স্বর্ণকার এক ব্যক্তিকে সন্ধ্যায় ডেকে নিয়ে দুর্বৃত্তরা বুকে গুলি করে। নিহতের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি হত্যাকাণ্ডে জড়িত কাউকে চিনতে পারেননি।’
স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে। এলাকাবাসী এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
আকাশজমিন / আরআর