নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া (৪০) বেলাব উপজেলার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পোল্টি খামারের ব্যবসা করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার ফতেপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কায়েস্থ পল্লী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫)।
গোয়েন্দা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজের পোলট্রি খামার থেকে বের হওয়ার পর আজিমুল নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার রাতে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। শুক্রবার দুপুরে ডিবির অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা এবং নিহত আজিমুলের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে এই দুই শ্রমিককে নিয়োগ দিয়েছিলেন। নিখোঁজের পর থেকে তারা লাপাত্তা ছিলেন এবং খামারের সব মুরগিও উধাও হয়ে যায়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারের মুরগি বিক্রি করে টাকা আত্মসাৎ করতে আজিমুলকে হত্যা করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং দ্রুত আদালতে পাঠানো হবে।
ঘটনার পর গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দা পুলিশ জানায়, তারা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় মানুষ ও পরিবার এই হত্যাকাণ্ডে শোকাহত।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এ হত্যাকাণ্ডের পেছনে অর্থলালসা প্রধান কারণ। পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
আকাশজমিন / আরআর